দাম্পত্য টানাপোড়েনের রহস্যে জমজমাট ‘মায়াপাখি’ | চ্যানেল আই অনলাইন

দাম্পত্য টানাপোড়েনের রহস্যে জমজমাট ‘মায়াপাখি’ | চ্যানেল আই অনলাইন

অপূর্ব ও নাজনীন নিহাকে নিয়ে নির্মিত জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এই ত্রয়ীর তৃতীয় নাটক ‘মায়াপাখি’ প্রকাশ হয়েছে এবারের ঈদে। 

একেবারে সাধারণ প্রেম ও দাম্পত্য জীবনের গল্প দিয়ে শুরু হওয়া ‘মায়াপাখি’-তে দেখা যায়, সাদাত (অপূর্ব) ও মায়া (নিহা) ভালোবাসায় গড়া ছোট্ট একটি সংসারে সুখ-দুঃখ ভাগাভাগি করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচিত গল্পই মোড় নেয় ভিন্ন দিকে।

গল্পে আরও দেখা যায়, মায়ার জীবনে করপোরেট জগতের প্রবেশের পর বদলে যেতে থাকে তার জীবনযাপন, চিন্তাভাবনা ও অগ্রাধিকার।

নতুন পরিবেশ ও নতুন বাস্তবতা ধীরে ধীরে সাদাত ও মায়ার সম্পর্কের মধ্যে তৈরি করে অদৃশ্য দূরত্ব। ছোট ছোট মতপার্থক্য একসময় রূপ নেয় ভুল বোঝাবুঝি, অবিশ্বাস ও মানসিক বিচ্ছিন্নতায়।

একদিকে সাদাত চেষ্টা করে সম্পর্কটিকে আগের মতো ধরে রাখতে, অন্যদিকে মায়া নিজের নতুন জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্রমশ সরে যেতে থাকে সেই পরিচিত বন্ধন থেকে। ফলে তাদের সম্পর্কে ভাঙনের রেখা স্পষ্ট হতে শুরু করে।

তবে ‘মায়াপাখি’ শুধু সম্পর্কের টানাপোড়েনের গল্প হয়ে থাকেনি। গল্পের মাঝামাঝি এসে ঘটে এক রহস্যজনক ঘটনা, যা পুরো কাহিনিকে নতুন মাত্রা দেয়। মায়ার মৃত্যুকে ঘিরে তৈরি হয় একের পর এক প্রশ্ন—এটি কি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি অন্য কোনো অজানা সত্য লুকিয়ে আছে এর পেছনে?

এই রহস্য উন্মোচনের পথেই এগোয় নাটকের পরবর্তী অংশ। আর সেই সঙ্গে সামনে আসে সম্পর্ক, ক্যারিয়ার, অহংবোধ ও বিশ্বাসভঙ্গের জটিল বাস্তবতা।

অপূর্ব ও নিহা জুটির অভিনয় গল্পটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। বিশেষ করে সম্পর্কের উত্থান-পতন ও মানসিক পরিবর্তনের বিষয়গুলো নাটকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

দুই দিনে সিএমভির ইউটিউব চ্যানেলে ‘মায়াপাখি’ দেখেছেন ৩২ লাখের বেশি দর্শক। সাড়ে ৭ হাজারের বেশি দর্শক প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

ফয়সাল আহমেদ লিখেছেন, মায়াপাখি নাটক হলেও সিনেমার মতো লেগেছে।” আরিফ লিখেছেন, “খুবই বাস্তবসম্মত নাটক। সবার জন্য শিক্ষণীয়।

পাভেল আহমেদ লিখেছেন, নাটকের কাহিনি বর্তমানে চারদিকে ঘটছে।” পূজা মিস্ত্রী লিখেছেন, “মন্ত্রমুগ্ধের মতো প্রায় দুই ঘণ্টা দেখলাম, অসাধারণ। পাশাপাশি অধিকাংশ মন্তব্যেই অপূর্বের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা।