পেশাজীবনের নানা ঝলক প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকারা। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক বিশেষ মুহূর্ত অনুরাগীদের জন্য তুলে ধরলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর।
প্রথমবার নিজের হাতে বানালেন এক বিশেষ ডিশ! ‘কুকিজ’ বানালেন জুনিয়র এনটিআর! সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গেও। আর সেই কুকিজ কার কাছে পৌঁছোল জানেন? অভিনেতার হাতে বানানো কুকিজ খেয়ে দেখলেন তার দুই খুদে অনুরাগী। অভিনেতার এই উদ্যোগে মুগ্ধ নেটপাড়া।
শনিবার (৬ জুন) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন জুনিয়র এনটিআর। সেখানে দেখা যায়, তিনি নিজের হাতে কুকিজ বানাচ্ছেন। ভিডিওর সঙ্গে অভিনেতা লেখেন, “বাড়িতে বেক করা, কেনা নয়।” এরপরেই সাই তেজা নামে এক অনুরাগী এক্স হ্যান্ডলে কয়েকটি ছবি ও ভিডিও ভাগ করে জানান, জুনিয়র এনটিআর তার পরিবারের জন্য ওই কুকিজ পাঠিয়েছেন। নিজের সন্তানদের সেই কুকিজ উপভোগ করার ছবি পোস্ট করে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ জুনিয়র এনটিআর। স্মরণ ও স্তারকার পক্ষ থেকে অনেক ভালবাসা। একটি সাধারণ মন্তব্য থেকেই যে এত সুন্দর চমক অপেক্ষা করছিল, তা ভাবিনি। আজ কুকিগুলো আমাদের বাড়িতে পৌঁছেছে। বাচ্চারা ভীষণ খুশি, অটোগ্রাফ পেয়ে আমি আনন্দে আত্মহারা। এমন আন্তরিক মুহূর্ত আমাদের সকলের মুখে হাসি ফুটিয়েছে। কখনও কখনও ইন্টারনেট শুধুই কোলাহল নয়, বরং মানুষ, অনুরাগ, ভালবাসা আর স্মৃতির মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করে।”
অনুরাগীর সেই পোস্টে একাধিক অনুরাগীর মন্তব্য, “সৌভাগ্যবান আপনার সন্তানেরা।” কেউ লিখলেন, “এই কারণেই তাকে (জুনিয়র এনটিআর) এত ভালবাসি। অনুরাগীদের তিনি পরিবারের মতোই মনে করেন। আমরাও তাকে নিজের ভাই মনে করি। অনেক ভালবাসা।”
মূলত শুক্রবার অভিনেতা কুকিজ তৈরির কথা সমাজমাধ্যমে জানাতেই তার অনুরাগীরা নানা মন্তব্য করেন। তাদের মধ্যে অন্যতম সাই তেজা। মজা করে তিনি লেখেন, “বাড়িতে আমার দুই খুদে সন্তান। ওদের জন্য দুটো পাঠিয়ে দিন প্লিজ।” তার উত্তর দেন অভিনেতা। মজার ছলেই চলে কথোপকথন। অনুরাগীর বাড়ির ঠিকানাও চেয়ে পাঠান তিনি। এরপর শনিবারই অনুরাগীর বাড়িতে পৌঁছে যায় বাড়িতে বানানো টাটকা কুকিজ।





