ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

ওই ডিলারের নাম সোহেল আহম্মেদ মালিক ওরফে সুজন। তিনি চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার সামসুল হক মালিকের ছেলে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে স্বল্প আয়ের মানুষের জন্য সরকার ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করে থাকে। কিন্তু অভিযুক্ত ডিলার সোহেল আহম্মেদ বরাদ্দ পাওয়া পুরো চাল ও আটা উপকারভোগী স্বল্প আয়ের মানুষের মধ্যে বিক্রি না করে কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রির জন্য পুরাতন স্টেডিয়াম–সংলগ্ন ডিলার পয়েন্ট থেকে ভ্যানে করে নিয়ে যান। এ তথ্য জানতে পেরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া প্রথম আলোকে জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকায় রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন পাঁচ টন করে চাল ও পাঁচ টন করে আটা বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বরাদ্দ করা এসব চাল ও আটা পৌর এলাকার ৯টি ডিলার পয়েন্টে ৯ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিটি পয়েন্টে ৫৫৫ কেজি চাল ও ৫৫৫ কেজি আটা স্বল্প আয়ের মানুষের মধ্যে মাথাপিছু ৫ কেজি হিসাবে বিক্রি করা হয়ে থাকে। তিনি বলেন, অভিযানে ওএমএসের চাল ও আটা জব্দ ও জরিমানার বিষয়টি জানা নেই। তা ছাড়া ওএমএসের বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক নিজে সরাসরি নিয়ন্ত্রণ করেন।