পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস | চ্যানেল আই অনলাইন

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানোসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ (১০ জুন) বুধবার দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় দিবসটি আজ ১০ জুন পালন করা হচ্ছে।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ১ হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন পুলিশ সদস্য বিশ্বের ২৫টি দেশের ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে ৮ জন নারী সদস্যসহ বাংলাদেশ পুলিশের ৩৭ জন কর্মকর্তা বিভিন্ন জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করছেন। ২০০০ সাল থেকে নারী পুলিশ সদস্যরা শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন এবং বিভিন্ন মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং ১৫ জন সদস্য আহত হয়েছেন।

তাদের আত্মত্যাগ ও অবদান বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা হাইতির ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা কার্যক্রম থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা স্থানীয় জনগণের আস্থা অর্জন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

প্রায় চার দশক ধরে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।