
ওয়াশিংটন, ১১ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে তিনটি পৃথক দেশে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন।
বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।
এই আয়োজনে মেক্সিকোর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী শিল্পকলা তুলে ধরা হবে। পারফরম্যান্সের তালিকায় থাকছে স্থানীয় সংগীত ও নৃত্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী। মেক্সিকোর এই আয়োজনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।
২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গানের খ্যাতির পর এবারও তিনি নতুন থিম সং নিয়ে হাজির হবেন। তার সঙ্গে মঞ্চে থাকবেন নাইজেরিয়ান তারকা বার্না বয়সহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পী। একই সময়ে কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান।
সেখানে স্বাগতিক কানাডা তাদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে। কানাডার এই আয়োজনে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং আলেসিয়া ক্যারার মতো শিল্পীরা। এছাড়া বলিউড সেনসেশন নোরা ফাতেহির উপস্থিতি এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী দিনের তৃতীয় ও শেষ আয়োজনটি হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। এই ভেন্যুতে কেটি পেরি, অ্যানিত্তা, লিসা ও রেমার মতো জনপ্রিয় তারকারা মঞ্চ মাতাবেন। যুক্তরাষ্ট্রের ম্যাচ শেষ হওয়ার মাধ্যমেই পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের।
এস এম/ ১১ জুন ২০২৬






