অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতি গভীর ভালোবাসার জন্য সুপরিচিত বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। বিশেষ করে বিশ্ব ফুটবল নিয়ে তাদের আলাদা আলাদা পছন্দ রয়েছে। তাদের সেই পছন্দ ভক্তদের মধ্যেও বেশ কৌতূহল তৈরি করে।
শাহরুখ খান দীর্ঘদিন ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ফুটবলেও তিনি নিয়মিতভাবে খেলা উপভোগ করেন। শাহরুখ কোনো দেশের সমর্থক সেটা কখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে নিজেকে তিনি আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যারাডোনা ও লিওনেল মেসির বড় ভক্ত হিসেবেও প্রকাশ করেছেন বহুবার। এমনকি গেল বছর মেসির কোলকাতা আগমনে তার সাথে সাক্ষাৎ করতে ছুটে আসেন শাহরুখ।
অন্যদিকে সালমান খান ইংলিশ ক্লাব আর্সেনালের সমর্থক হিসেবে পরিচিত। ফুটবলের প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। তিনি বিভিন্ন সময়ে সেলিব্রিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং সহকর্মী ও বন্ধুদের সঙ্গে মাঠে নেমে খেলাধুলার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। কখনো তিনি বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলের প্রতি সমর্থন দেখাননি।
এদিকে আমির খান আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা জাতীয় দলের একজন ভক্ত হিসেবে পরিচিত। তিনি কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখতে গিয়েছিলেন বলে শোনা যায়।
তিন খানের এই ভিন্ন ভিন্ন ফুটবল পছন্দ বলিউড ভক্তদের মধ্যে যেমন আগ্রহ তৈরি করেছে, তেমনি বিশ্ব ফুটবলের প্রতি ভারতীয় তারকাদের ভালোবাসাকেও নতুনভাবে তুলে ধরেছে। জনপ্রিয় এই তিন তারকার প্রিয় দল ভিন্ন হলেও ফুটবলের প্রতি তাদের ভালোবাসা একই সূত্রে গাঁথা।




