যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব | চ্যানেল আই অনলাইন

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব | চ্যানেল আই অনলাইন

আগামী ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক, রেল ও সেতু খাতের জন্য মোট ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বরাদ্দের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩৬ হাজার ৯১৮ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৯৪০ কোটি টাকা এবং সেতু বিভাগের জন্য ২ হাজার ৯০৮ কোটি টাকা রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, দেশের সমন্বিত যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে বৃহৎ সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ত্বরান্বিত করা হচ্ছে। এর ফলে যাতায়াতের সময় ও ব্যয় কমবে।

অর্থমন্ত্রী জানান, সেতু ও এক্সপ্রেসওয়ে খাতে বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, ঢাকা–চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেল খাতের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে রেলপথ খাতে আরও গুরুত্ব দেওয়া হবে এবং অবকাঠামো উন্নয়ন জোরদার করা হবে।