কয়েক ঘণ্টা পর পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে চলা মহাযজ্ঞ ঘিরে উন্মাদনার কমতি নেই বিশ্বজুড়ে, ফুটবল জোয়ারে ভাসছে বাংলাদেশ। যারা দর্শক-পাঠকদের সামনে বিশ্বকাপ উন্মাদনার খবর নিয়ে হাজির হন, সবার মতো উন্মাদনা ছুঁয়ে যায় সেই ক্রীড়া সাংবাদিকদেরও। পছন্দের সমর্থন একপাশে সরিয়ে তারা হাজির হন নিখাদ বিশ্লেষণ নিয়ে, আবেগ এড়িয়ে তুলে ধরেন দলগুলোর ভুলত্রুটি-সম্ভাবনার খতিয়ান। যে খেরোখাতায় দলগুলোর শক্তি-দুর্বলতার হিসাব কষে চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিম অনুমান করেছে কে হতে চলেছে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন।
এবার চ্যানেল আইয়ের বিশ্বকাপ টিমে কাজ করছেন ৩৫ জন। এরমধ্যে রয়েছেন টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকসহ ক্রীড়া বিশ্লেষক, ভিডিও এডিটর ও গ্রাফিক্স ডিজাইনাইর। বিশ্লেষণে আছেন বাংলাদেশ দলের চারজন সাবেক ফুটবলারও। ভোটে যার ৩ জন বলেছেন স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনার কথা।
বিশ্বকাপ টিমে কাজ করা এই বিশাল বহরের মধ্যে সর্বোচ্চ ১৩ জন দ্বিতীয় বিশ্বকাপ দেখছেন লামিন ইয়ামালদের স্পেনের ঘরে। শতাংশের হিসেবে যা ৩৭.১৪। দ্বিতীয় স্থান পাওয়া ফ্রান্সের থেকে যা অনেক এগিয়ে। স্পেনের পর বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সম্ভাবনার ভোট পড়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন্স ফ্রান্সের দিকে। কাইলিয়ান এমবাপেদের ভোট দিয়েছেন ৭ জন, ২০.০৫ শতাংশ।
এরপর জায়গা করে নিয়েছে লিওনেল মেসিদের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পক্ষে ভোট দিয়েছেন ৬ জন, শতাংশে যা ১৭.১৪।
তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পর এবারের চ্যাম্পিয়নের চতুর্থ সম্ভাবনায় উঠে এসেছে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল। নেইমারদের পক্ষে ভোট দিয়েছেন ৫ জন, ১৪.২৮ শতাংশ। পঞ্চম স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, পক্ষে ভোট পড়েছে ৩টি, ৮.৫৩ শতাংশ। একজন ভোট দিয়েছেন নেদারল্যান্ডসকে। ডাচদের শিরোপা জয়ের সম্ভাবনা দাঁড়াচ্ছে ২.৯৪ শতাংশ।



