‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’ | চ্যানেল আই অনলাইন

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’ | চ্যানেল আই অনলাইন

লিভারজনিত জটিলতায় মৃত্যুবরণ করা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

মেয়ের মৃত্যুর পর থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করে আসছেন তিনি।

ফুটবলপ্রেমী এই বাবা এবার স্মরণ করেছেন মেয়ের সঙ্গে খেলা দেখার অসংখ্য মুহূর্ত। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর দিনে দেওয়া এক আবেগঘন পোস্টে মেয়েকে ছাড়া খেলা দেখার কষ্টের কথা তুলে ধরেছেন তিনি।

পোস্টের শুরুতেই ইংরেজিতে মেয়ের উদ্দেশে তিনি লেখেন, “কারিনা, এই বিশ্বকাপে আমি সত্যিই তোমাকে ভীষণ মিস করবো।”

নিজের ফেসবুক পোস্টে কায়সার হামিদ লেখেন, “কারিনা, মামনি তোমার সাথে আর খেলা দেখা হবে না। একসাথে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলা দেখার প্রাণবন্ত স্মৃতিগুলো মনে পড়লে বুকটা হাহাকার করে উঠে।”

তিনি আরও লেখেন, “আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো। কিন্তু আমার বিশ্বাস তুমি আমার সাথে আছো, থাকবে আজীবন।”

ফেসবুক পোস্টে মেয়ের সাথে এই ছবিটিও পোস্ট করেন কায়সার হামিদ

কারিনা কায়সারের মৃত্যুর পর থেকে প্রায় প্রতিদিনই নানা স্মৃতি ও অনুভূতি ভাগাভাগি করে নিচ্ছেন কায়সার হামিদ। কখনও শৈশবের ছবি, কখনও মেয়ের প্রতিভা ও মানবিক গুণাবলির কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

বিশ্বকাপ ফুটবলের মতো আনন্দের একটি উপলক্ষও এবার তার কাছে বেদনার স্মৃতি হয়ে উঠেছে। কারণ, যে মেয়ের সঙ্গে বসে খেলার উত্তেজনা ভাগাভাগি করতেন, সেই কারিনা আজ আর পাশে নেই।