তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো | চ্যানেল আই অনলাইন

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো | চ্যানেল আই অনলাইন

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জোসে মরিনহো যে দায়িত্ব নিচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। বিশ্বকাপ ডামাডোলের মাঝেই সেই আনুষ্ঠানিকতাও সেরে নিয়েছে দুই পক্ষ। তিন বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব নিয়েছেন ৬৩ বর্ষী পর্তুগিজ কোচ।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্লোরেন্তিনো পেরেজের সভাপতিত্বে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, জোসে মরিনহোকে আগামী তিন মৌসুমের জন্য, অর্থাৎ ৩০ জুন ২০২৯ পর্যন্ত, প্রথম দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হওয়ার দিন ১৩ জুলাই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’

এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তিন মৌসুম রিয়াল মাদ্রিদের ডাগআউট সামলেছেন মরিনহো। সেই সময় তার অধীনে খেলা ১৭৮ ম্যাচের ১২৮টিতে জিতেছিল মাদ্রিদ। জিতেছিল লা লিগা ও কোপা দেল রের শিরোপা। তবে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদকে সাফল্য এনে দিতে পারেননি।

মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর চেলসি, ম্যান ইউনাইটেড, টটেনহামসহ আরও কয়েকটি কয়েকটি ক্লাবের ড্রেসিংরুম সামলান। গত বছরের সেপ্টেম্বরে পর্তুগিজ ক্লাব বেনফিকার কোচ হিসেবে নিয়োগ পান তিনি। এদিকে পরপর দুই মৌসুম শিরোপাহীন থাকার পর আবারও মরিনহোর দ্বারস্থ হল রিয়াল।