বিদ্যালয়ের দেয়ালজুড়ে শিক্ষার্থীদের আঁকা ছবি। প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা কক্ষ। এ কক্ষের দেয়ালের রঙিন চিত্র দেখেই বর্ণমালা শিখছে শিশুরা। টিফিনের ঘণ্টা বাজলেও হাতে বই নিয়ে কেউ কেউ বসে আছে পাঠাগারে। দেখলে মনেই হবে না এটি গ্রামের কোনো বিদ্যালয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরের চিত্র এটি। এ বছর চট্টগ্রাম বিভাগের সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। লক্ষ্মীপুর জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বিদ্যালয়টির অবস্থান। ১৮৮৫ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
৪ জুন প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. জিয়া উদ্দীন ও সদস্যসচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে বিদ্যালয়টিকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। শতভাগ ভর্তি নিশ্চিত করা, নিয়মিত উপস্থিতি, ঝরে পড়ার হার শূন্যের কাছাকাছি রাখা, পাঠদানের মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের কারণে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।




