খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে খুলনা নগরের শামসুর রহমান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁর ভাই মাহামুদুন চৌধুরীকে (জনি) আটক করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান শুরু হয়। চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) রেজাউর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ যৌথ অভিযানের অংশ হিসেবে রনি চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ভাই মাহামুদুন চৌধুরীকে (জনি) আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা রেজাউর রহমান আরও জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবা, গ্রেনেড বাবু গ্রুপের সদস্য নূর আলম ইসলাম ওরফে নূরুসহ কয়েকজনকে আটক করা হয়েছে।




