সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করেছে সরকার। নতুন বেতন কাঠামোর ফলে সরকারি কর্মকর্তাদের আয় বাড়বে এবং এতে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর করা হয়েছিল। এরপর ১১ বছরে আর কোনো পে-স্কেল হয়নি। এ সময়ে মূল্যস্ফীতি বেড়েছে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন।

নতুন পে-স্কেল অনুযায়ী, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা হবে। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হবে ২০ হাজার টাকা। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮, যা বর্তমানে ১:৯ দশমিক ০৭৬।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে দেশের সব শ্রেণি-পেশার মানুষের বিষয় বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বিভিন্ন খাতে বরাদ্দ ও কর্মসূচি রাখা হয়েছে।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। সাধারণত বাজেট প্রণয়নে প্রায় ছয় মাস সময় পাওয়া গেলেও এবার দেড় থেকে দুই মাসের মধ্যে তা প্রস্তুত করতে হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেটের মূল লক্ষ্য অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং উন্নয়নের মূলধারার বাইরে থাকা মানুষদের সম্পৃক্ত করা।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্প মূল্যায়নে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। সেগুলো হলো—অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রত্যাবর্তন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।

অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি প্রকল্প ও ব্যয় এসব মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।