সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ আরিফ আল খবির বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল একটি অত্যাধুনিক ও লাভজনক টার্মিনাল। তাঁর বক্তব্য, লাভজনক ও সুসংগঠিত প্রতিষ্ঠান কোনো বিবেকবান লোক ইজারা দিতে পারে না। মূলত এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল জড়িত বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, বাংলাদেশকে চীনের বিরুদ্ধে আমেরিকার প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাওয়া হচ্ছে।
সমাবেশে সংগঠনের সদস্যসচিব কাজী আহমাদ বলেন, ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতের একটি কোম্পানি। আর আরব আমিরাত ইসরায়েল ও আমেরিকার সঙ্গে আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে স্বাক্ষর করেছে। তাঁর দাবি, এর ফলে মধ্যপ্রাচ্যে পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আরব আমিরাত কাজ করছে। একই আরব আমিরাত বাংলাদেশে এসেও ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কাজ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।




