নাচে-গানে সুরের মূর্ছনায় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে জমকালো মঞ্চায়নের মধ্যে দিয়ে বৃহস্পতিবার পর্দা ওঠে ২০২৬ ফিফা বিশ্বকাপের। শুক্রবার কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হল বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। নোরা ফাতেহির নতুন গানে সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়।
শুক্রবার, ১২ জুন টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় গড়াবে কানাডা ও বসনিয়া ম্যাচ। তার আগে রাতে সাড়ে এগারেটা থেকে অনুষ্ঠিত হয় কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজনে মঞ্চ মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।
এছাড়া জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। বৈচিত্র্যময় এই শিল্পীরা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেন বিশ্বমঞ্চে।
এখানেই শেষ নয়, ১৩ জুন উদ্বোধনীর শেষ ও সবচেয়ে আকর্ষণীয় আসরটি বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে হলিউড ঘরানার আয়োজন। বিশ্ব কাঁপানো এই মঞ্চে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেগাস্টাররা। পুরো টুর্নামেন্টের উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার মেক্সিকোয় উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিলেন শাকিরা এবং বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন। এছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি বিশাল যৌথ পারফরম্যান্স তুলে ধরেন।
এছাড়া মেক্সিকোর নিজস্ব সংস্কৃতির ছোঁয়া দিতে মঞ্চে ছিলেন দেশটির বিখ্যাত রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়ান।
বাংলাদেশ থেকে যেভাবে বিশ্বকাপ আয়োজনগুলো দেখা যাবে
বিশ্বকাপ সরাসরি দেখাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। জনপ্রিয় ওটিটি মাধ্যমটি ছাড়াও খেলা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ ও গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে বিশ্বকাপ দেখা যাবে।





