কানাডায় বিশ্বকাপের বর্ণিল সূচনা

কানাডায় বিশ্বকাপের বর্ণিল সূচনা

মেক্সিকো সিটিতে জমকালো উদ্বোধনের পর উত্তর আমেরিকার আরেক আয়োজক দেশ কানাডাতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বিশ্বকাপের উৎসব। বলিউড তারকা নোরা ফাতেহি এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়ের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে উদ্বোধনী মঞ্চ।

শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।

আয়োজনের শুরুতেই কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় শিল্পী উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন, যা দর্শকদের মুগ্ধ করে।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

তার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন জনপ্রিয় শিল্পী ভেভেড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। তাদের পরিবেশনায় স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ, যা বিশ্বকাপকে স্বাগত জানানোর আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

কানাডার মাটিতে এই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের উন্মাদনা নতুন মাত্রা পেয়েছে, আর দর্শকরা পেয়েছেন সঙ্গীত, সংস্কৃতি ও ক্রীড়ার এক অনন্য মিলনমেলা।