
লস অ্যাঞ্জেলেস, ১৩ জুন – শক্তিমত্তা আর পরিসংখ্যানের বিচারে শুরু থেকেই এগিয়ে ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। মাঠের লড়াইয়েও সেই শ্রেষ্ঠত্বের পূর্ণ প্রতিফলন দেখা গেল। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। দলের হয়ে জোড়া গোল করে জয়ের অন্যতম কারিগর ফোলারিন বালোগুন।
ইতিহাস বলছে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাতে ৩-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৯৬ বছর পর আবারও বড় জয়ে প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের অপরাজেয় রেকর্ড বজায় রাখল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। মাত্র সপ্তম মিনিটেই সাফল্য পায় যুক্তরাষ্ট্র।
ক্রিশ্চিয়ান পুলিসিকের আক্রমণ রুখতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া নিজেদের জালে বল পাঠিয়ে দেন। এই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
ম্যাচের ৩১তম মিনিটে পুলিসিকের পাস থেকে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন বালোগুন। প্রথমার্ধের যোগ করা সময়ে মালিক টিলম্যানের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন এই তারকা স্ট্রাইকার।
বিরতির পর প্যারাগুয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় এবং ৭৩তম মিনিটে মাওরিচিওর গোলে ব্যবধান কমায়। তবে খেলার একদম শেষ মুহূর্তে গিওভ্যানি রেইনা বক্সের বাইরে থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করলে বড় জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের।
পুরো ম্যাচে ৭০ শতাংশ বলের দখল রেখে মাঠজুড়ে দাপট দেখিয়েছে স্বাগতিক ফুটবলাররা।
এনএন/ ১৩ জুন ২০২৬






