মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? | চ্যানেল আই অনলাইন

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? | চ্যানেল আই অনলাইন

নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি, বলিউডের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক তারকা। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে তার উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।

তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন নোরা?

সে সময় মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ও সামাজিকমাধ্যমে দাবি ওঠে, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন।

পরবর্তীতে ভারতীয় একাধিক প্রতিবেদনে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে মরক্কো জাতীয় দল ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর ডিফেন্ডার আশরাফ হাকিমির নাম। যদিও এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি।

গুঞ্জনে আরো ইন্ধন জোগায় সামাজিকমাধ্যমের একটি ঘটনা। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এর পর থেকেই দুজনকে নিয়ে সম্পর্কের জল্পনা আরো ছড়িয়ে পড়ে।

এদিকে রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ দেখতে সরাসরি মাঠে উপস্থিত হয়েছিলেন নোরা ফাতেহি। মরক্কো দলকে সাপোর্ট করে ম্যাচের প্রায় প্রতি মুহূর্তেই রিলস ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

ম্যাচ শুরুর সময় মরক্কো তারকাদের একটি ভিডিও শেয়ার করে নোরা লেখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে’। এরপর মরক্কো ব্রাজিলকে একটি গোল দেওয়ার পর সেটি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন, শেয়ার করেন ভিডিও। এরপর ব্রাজিল যখন মরক্কোকে গোল দেয় সেই ভিনিসিয়াসের গোলের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নো’।

তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি- কেউই প্রেমের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের একসঙ্গে তোলা কোনো ছবি, যৌথ উপস্থিতি কিংবা আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি, যা প্রেমের সম্পর্কের দাবি নিশ্চিত করে। ফলে বিষয়টি বর্তমানে কেবল গুঞ্জনের পর্যায়েই রয়েছে।