
ঢাকা, ২০ জুন – রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ জুন জুমার নামাজের পর রামপুরা ব্রিজ সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের পাশে পলাশ হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, নামাজ শেষ করে নিজের বাসভবনের নিচে দাঁড়িয়ে কথা বলার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পর পর দুই রাউন্ড গুলি করা হলে একটি তার মাথায় বিদ্ধ হয়ে বেরিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহত পলাশ পশ্চিম রামপুরা এলাকার ইউনুস খানের ছেলে।
তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত আসামী ছিলেন। প্রায় এক মাস আগে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
এস এম/ ২০ জুন ২০২৬






