দেশের স্বনামধন্য শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে আরো একটি নতুন রিয়েটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’।
শনিবার (২০ জুন) দুপুরে চ্যানেল আই স্টুডিওতে শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬ এর প্রচার উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই বার্তা বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন শাহীন এবং রিজিওনাল রিড প্রিন্সিপ্যাল মিলন সরকার।
সংবাদ সম্মেলনে চ্যানেল আই বার্তা বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান তার বক্তব্যে বলেন, চ্যানেল আই এবং রিয়েলিটি শো এই দুটি বিষয় যেন একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হোক গানের ক্ষেত্রে অথবা নাচের ক্ষেত্রে, বাংলা বানানের ক্ষেত্রে কিংবা ইংরেজি বানানের ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই রিয়েলিটি শোয়ের অনেক ভালো ভালো উদাহরণ চ্যানেল আই ইতোপূর্বেই দিয়েছে। সেই প্রেক্ষিতেই এবার চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘স্পেলিং স্টার ২০২৬’।
বাংলাদেশের বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে এই রিয়েলিটি শো।
দেশের ৩৫টি ভেন্যুতে এই কার্যক্রমের প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে। সর্বমোট ৩৫০/৪০০ শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব বিভাগীয় পর্যায়ে শুরু হবে। বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের শেষে ১০০ জন শিক্ষার্থী মূল পর্ব অংশ নেবে। এই ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইতে প্রচার শুরু হবে রিয়েলিটি শোর মূল পর্ব।
এই রিয়েলিটি শো’র নিয়ম কানুন ও অন্যান্য তথ্যাধি পাওয়া যাবে চ্যানেল আই ও শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল পেইজ ও ওয়েবসাইটে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ইংরেজি ভাষা ও বানান শিক্ষায় প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে তেলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।






