জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

বিশ্ব নেতাদের মতপার্থক্য দূরে সরিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সম্মিলিতভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) চীনের ডালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, যা মোকাবিলায় সব দেশের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক ও কূটনৈতিক মতভেদ থাকলেও পরিবেশ ও মানবতার স্বার্থে জলবায়ু কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বক্তব্যে তিনি জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। তবুও পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। তিনি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন।