এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবির নাম ‘সোমেশ্বরী’, পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি।
সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশপাশের এলাকার প্রকৃতি-জীববৈচিত্র্য নিয়ে তৈরী হচ্ছে ছবিটি। তবে পরিচালনায় নওশাবা একা নন, তার সঙ্গে আরো রয়েছেন আপন, লতা, জাহিদসহ কয়েকজন।
এই অভিনেত্রী বলেন, ‘ছবিটি এখন সম্পাদনার টেবিলে। আমরা বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি দেশের মানুষ বিশেষ করে হাওরাঞ্চলের মানুষ যেন ছবিটি দেখতে পারে সেই ব্যবস্থা করব। কারণ ছবিটি তো তাদের জন্যই নির্মাণ করেছি। আশা করছি, আমাদের চেষ্টা সফল হবে।”
২০১৮ সাল থেকে মঞ্চে নির্দেশনা দিচ্ছেন নওশাবা। চলচ্চিত্রে এটাই তার প্রথম পরিচালনা। ‘সোমেশ্বরী’ সিনেমায় নওশাবা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই মধ্যনগরের স্থানীয় বাসিন্দা এবং সিনেমায় একেবারেই নতুন।
নওশাবা বলেন, সোমেশ্বরী’ সিনেমায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির গল্প বলা হয়েছে। এটি মূলত প্রকৃতি ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান দূষণ এবং তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। সিনেমায় কাজের ক্ষেত্রে আমার বিশেষ প্রস্তুতি থাকে। তবে এ সিনেমাটিতে অভিনয়ের কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎই ক্যামেরার সামনে আসা। গল্পের প্রধান চরিত্রে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত আমাকেই দায়িত্ব নিতে হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রামীণ জীবন ও মানুষের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয় থাকায় চরিত্রটি ধারণ করতে খুব বেশি বেগ পেতে হয়নি। মধ্যনগরের মানুষের সহযোগিতাও কাজকে সহজ করেছে।’
সিনেমাটি নির্মিত হয়েছে গ্রিন ফিল্মসের ব্যানারে, যা ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন একটি উদ্যোগ।





