ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান | চ্যানেল আই অনলাইন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান | চ্যানেল আই অনলাইন

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। এই দুর্ঘটনায় নিখোঁজ আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ৩৮ বর্ষী ফুটবলার নিজেই। প্রিয়জনদের খুঁজে পেতে হৃদয়স্পর্শী আবেদন জানিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরায় খেলছেন ত্রেহো। তার স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়াকে নিয়ে তিনি প্লায়া গ্রান্দে এলাকার একটি ভবনে থাকতেন। ভূমিকম্পে ভবনটি পুরোপুরি ধসে পড়লে তার পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ত্রেহো লিখেছেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি আমার পরিবারের কোনো খোঁজ জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং কেউ দেখে থাকলে তথ্য দিয়ে সাহায্য করুন। আমি বিশ্বাস করতে চাই, ঘটনার সময় তারা ভবনের ভেতরে ছিল না।’

গত বুধবার রাতে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন প্রায় ১১ হাজার মানুষ।