
ব্রাসেলস, ২৬ জুন – চলতি ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বিশাল জয়ের পর মাঠের ফুটবল ছাপিয়ে এখন আলোচনায় ব্রাজিল দলের দুই প্রজন্মের দুই স্ট্রাইকারের দারুণ রসায়ন। স্কটিশদের হারিয়ে ইতিমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা।
তবে এই ম্যাচের পর ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও এবং বর্তমান স্ট্রাইকার মাথেউস কুনহার মধ্যকার সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা আদান প্রদান ফুটবল বিশ্বে আলোচনার নতুন খোরাক জুগিয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজের চেনা ছন্দেই রয়েছেন মাথেউস কুনহা।
হাইতির বিপক্ষে জোড়া গোলের পর স্কটল্যান্ডের বিপক্ষেও ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। গোল করার পর কুনহা তর্জনী উঁচিয়ে এক বিশেষ ভঙ্গিতে উদযাপন করেন যা ফুটবল ভক্তদের ২০০২ বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে।
ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঠিক একই ভঙ্গিতে গোল উদযাপনের একটি ছবি পোস্ট করেন। কুনহাকে উদ্দেশ্য করে তিনি লেখেন যে শেষবার যখন ব্রাজিলের কোনো ৯ নম্বর জার্সিধারী এভাবে উদযাপন করেছিল তখন কী ঘটেছিল তা সবার জানা।
২০০২ সালে সেলেসাওদের সর্বশেষ বিশ্বকাপ এনে দেওয়া রোনালদো মূলত কুনহার এই উদযাপনে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের ইঙ্গিত দিয়েছেন। কিংবদন্তির এমন প্রশংসা ও ভবিষ্যদ্বাণীতে আপ্লুত বর্তমান ৯ নম্বর জার্সিধারী মাথেউস কুনহাও দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন।
রোনালদোর পোস্টে মন্তব্য করে কুনহা বলেন যে রোনালদোই তার একমাত্র আদর্শ এবং এই কিংবদন্তির প্রশংসায় তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। কুনহা আরও যোগ করেন যে ৯ নম্বর জার্সিটি চিরকাল রোনালদোরই থাকবে। তিনি আরও মজা করে বলেন যে রোনালদো যদি মাঠের লড়াইয়ে বর্তমান দলকে কিছুটা সাহায্য করতে চান তবে তিনি আবারও সেই চেনা আর-নাইন রূপটি দেখতে মুখিয়ে আছেন।
দুই স্ট্রাইকারের এই আবেগঘন কথোপকথন দুই দশকেরও বেশি সময় ধরে শিরোপার অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র ও কুনহার মতো তরুণদের দুর্দান্ত ফর্ম এবং সেই সাথে নেইমারের দলে প্রত্যাবর্তন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করেছে।
নকআউট পর্বে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা ব্রাজিল দল এবার কিংবদন্তিদের আশীর্বাদ নিয়ে হেক্সা মিশনের দিকে এগিয়ে যাচ্ছে।
এস এম/ ২৬ জুন ২০২৬






