মানববন্ধন সঞ্চালনা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, মাদকের উৎসমুখ বন্ধ করতে হবে, যাতে বাইরে থেকে দেশে মাদক ঢুকতে না পারে। তরুণসমাজকে বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সৃষ্টিশীল কাজে যুক্ত করতে পারলে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
এই মানববন্ধনে গীতিকার কবির বকুল তাঁর লেখা মাদকবিরোধী গান ‘বন্ধু সময় হলো, মাদককে না বলো’ এই মানববন্ধনে গেয়ে শোনান। এই গানে সুর ও কণ্ঠ দিয়েছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু।
এ ছাড়া মানববন্ধনে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গান গেয়ে শোনান শিল্পী অনিক। প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানার কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’ গানের মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়।
‘মাদককে না বলুন’, ‘যে মাদক নিতে বলে সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’—মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও লেখা–সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন অনেক তরুণ-তরুণী।
বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পাশাপাশি এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক রাজিব আহসান, উপপরিচালক শামীম আহম্মেদ, রাজিউর রহমান ও মেহেদী হাসান; সহকারী পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।




