ভূমিকম্পের সঙ্গে ঝড়-বাদলে নাকাল জাপান

ভূমিকম্পের সঙ্গে ঝড়-বাদলে নাকাল জাপান

দুই দিন ধরে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে জাপান। পাশাপাশি মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে ঝরছে বৃষ্টি। প্রায় একই সময়ে আঘাত হানছে পরপর দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। এত সব প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত করে তুলছে জাপানের জনজীবন।

শক্তিশালী ভূমিকম্প

গত বৃহস্পতিবার সকালে উত্তর জাপানের ইওয়াতে জেলায় ৭ দশমিক ২ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হানার রেশ কাটতে না কাটতেই গতকাল শুক্রবার টোকিওর পাশের দুই জেলায় শক্তিশালী দুটি কম্পন অনুভূত হয়।

গতকাল বেলা একটার দিকে চিবা জেলায় ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। এতে টোকিওর কেন্দ্রস্থলসহ আশপাশের জেলাও কেঁপে ওঠে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে ভূমিকম্পের আগাম সতর্কতা বাজতে শুরু করে। এর কয়েক সেকেন্ড পরেই আবারও দুলে ওঠে টোকিওসহ আশপাশের এলাকার ভবনগুলো। জাপানের আবহাওয়া এজেন্সির তথ্য অনুযায়ী, টোকিওর পশ্চিমে ইয়ামানাশি জেলায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।