তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া | চ্যানেল আই অনলাইন

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া | চ্যানেল আই অনলাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদী থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ উদ্ধার করা হচ্ছে’ এমন দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি বিভ্রান্তিকর এবং ভিডিওটির সঙ্গে তুরাগ নদীর কোনো ঘটনার সম্পর্ক নেই।

রোববার ২৮ জুন প্রচারিত ভিডিওটি তিনটি ফেসবুক লিংকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে যে দৃশ্য দেখা যায়, তা তুরাগ নদীর নয় বরং একটি সড়ক দুর্ঘটনার পুরোনো ফুটেজ।

তথ্য যাচাইয়ে জানা যায়, ভিডিওটি মূলত গত ২৫ মে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার। ওই দিন ঈদে বাড়ি ফেরার পথে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে। এতে অন্তত ১৫ জন নিহত এবং কয়েকজন আহত হন।

রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ‘পলিটিকাল টাইমস’ নামের একটি ফেসবুক পেইজে ওই ঘটনার ভিডিওটি ২৫ মে প্রকাশ করা হয়েছিল। সেখানে ক্যাপশনে উল্লেখ ছিল, দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে এবং উদ্ধার অভিযান চলছিল।

পরবর্তীতে একই ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ বাংলা-তে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হন এবং ছয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সব তথ্য বিশ্লেষণে স্পষ্ট যে, সম্প্রতি প্রচারিত ভিডিওটি তুরাগ নদীতে কোনো ঘটনার নয়। এটি পুরোনো একটি সড়ক দুর্ঘটনার ফুটেজকে ভুলভাবে বা বিভ্রান্তিকর দাবির সঙ্গে যুক্ত করে পুনরায় প্রচার করা হয়েছে।