বনানীতে চিরঘুমে শিল্পগুরু মুস্তাফা মনোয়ার | চ্যানেল আই অনলাইন

বনানীতে চিরঘুমে শিল্পগুরু মুস্তাফা মনোয়ার | চ্যানেল আই অনলাইন

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার। মঙ্গলবার (৩০ জুন) বিকেল পৌনে চারটার দিকে তাকে সমাহিত করা হয়।

এসময় শিল্পীর পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সহকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভাকাঙ্খীদের অনেকে।

এরআগে গুণী এই শিল্পীকে শেষ বারের মতো রাখা হয় চ্যানেল আই প্রাঙ্গণে। যেখানে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা।

চ্যানেল আইয়ের সাথে মুস্তাফা মনোয়ারের ছিল দীর্ঘ ও গভীর সম্পর্ক। তাঁর নামে প্রতিষ্ঠিত ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’ও বহন করছে সেই সৃজনশীল উত্তরাধিকার।

দুপুর ২টার দিকে মুস্তাফা মনোয়ারকে বহনকারী অ্যাম্বুলেন্স আসে চ্যানেল আই প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সোয়া ২টার দিকে অনুষ্ঠিত জানাজায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন অঙ্গনের মানুষ।

জানাজা শুরুর আগে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, মুস্তাফা মনোয়ার, তিনি আমাদের সবার গুরুজন। তাঁর সাথে আমাদের সখ্যতা দীর্ঘদিনের। বছর চারেক আগে তার নামে আমরা চ্যানেল আই প্রাঙ্গণে একটি স্টুডিওর নামকরণ করেছি। চ্যানেলআই

তিনি বলেন, দীর্ঘ কয়েক দশকের শিল্পসাধনা, টেলিভিশন, চিত্রকলা, পাপেট আন্দোলন এবং সাংস্কৃতিক জাগরণে মুস্তাফা মনোয়ারের অসামান্য অবদান বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।