৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা | চ্যানেল আই অনলাইন

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা | চ্যানেল আই অনলাইন

উদ্বোধনের চার বছর পূর্তির আগেই দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ টাকার বেশি। একই সময়ে আদায় করা টোলের অর্থ থেকে সরকারের নেওয়া ঋণের ১৬টি কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পাশাপাশি পরিশোধ করা হয়েছে ৪৩৬ কোটি টাকার বেশি ভ্যাট। ঋণ পরিশোধের কোনো কিস্তি বকেয়া নেই।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল হিসেবে আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে। একই সঙ্গে সেতুর পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করা হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, ১ শতাংশ সুদে ৩৫ বছরে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চার কিস্তি হিসেবে মোট ১৪০ কিস্তিতে এই অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পদ্মা সেতুর নিরাপত্তা, আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ এবং আধুনিক টোল ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি ফ্রেমওয়ার্ক (ইউএনইএফ) বাস্তবায়নের মাধ্যমে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষা এবং মাওয়া-জাজিরা অ্যালাইনমেন্ট নির্ধারণের কাজ পরবর্তী সময়ে পদ্মা সেতুর নকশা ও নির্মাণপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।