বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানা, ক্রোয়েশিয়া ও পানামাকে পেছনে ফেলে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করেছিল ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের মতে, এখন পর্যন্ত টুর্নামেন্টে তাদের সবচেয়ে কঠিন এবং সেরা ম্যাচ ছিল শেষ বত্রিশে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে।
বুধবার রাতের ম্যাচে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। জোড়া গোল করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন হ্যারি কেইন। তার নেতৃত্বেই শেষ ষোলো নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘অনুভূতিটা দারুণ। এটি ছিল অবিশ্বাস্য একটি ম্যাচ। প্রথমেই বলতে হবে, তারা খুবই শক্ত প্রতিপক্ষ ছিল। আমরা পিছিয়ে পড়ার পরও তারা অসাধারণ লড়াই করেছে। প্রথম পানিবিরতির পর আমরা অনেক ভালো খেলেছি। তাদের গোলরক্ষকও কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতাম, এমন ম্যাচে কোনো একজনকে নায়ক হয়ে উঠতেই হবে। আজ সেটাই হয়েছে। এ ধরনের ম্যাচে ধৈর্য ধরে খেলতে হয়। আগের দুই ম্যাচও প্রায় একই রকম ছিল। নকআউট পর্বে চাপ অনেক বেশি থাকে এবং প্রতিটি ম্যাচের গুরুত্বও আলাদা। আমার মনে হয়, এটি টুর্নামেন্টে এখন পর্যন্ত আমাদের সেরা ম্যাচ।’
পরবর্তী ম্যাচ নিয়ে সতর্কবার্তাও দেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘সামনের ম্যাচটিও কঠিন হবে। এবার আমাদের মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে খেলতে হবে। টুর্নামেন্ট এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সুন্দর ফুটবল খেলার চেয়ে যেকোনোভাবে জয় তুলে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
দলের বদলি খেলোয়াড়দের ভূয়সী প্রশংসাও করেন কেইন। তিনি বলেন, ‘বেঞ্চে থাকা খেলোয়াড়দের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উইঙ্গাররা বেশ সতেজ আছে এবং তারা মাঠে নেমে দলের খেলার গতি ও মান আরও বাড়িয়ে দিতে পারে। পুরো ৯০ মিনিট আমাদের সামলানো যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন। দলের প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্সে আমি খুবই আনন্দিত।’




