দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধির পর শুক্রবার আরও ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে টানা দুই দিনে প্রতি ভরি স্বর্ণের দাম মোট বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সংগঠনটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণালংকার ও রৌপ্যলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বাজুস প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফায় দাম বেড়েছে, ৪২ দফায় কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ দফায় দাম বেড়েছে এবং ২৬ দফায় কমানো হয়েছে।