ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ওই ভিডিও তাঁদের ফেসবুকে পোস্ট করেছেন। মিছিল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রত্যাহার করার দাবি জানান। মিছিলে অংশগ্রহণকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগানও দিয়েছেন।
কিছু দিন ধরে শরীয়তপুরের বিভিন্ন স্থানে মিছিল করছেন আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। গত এক মাসে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে অন্তত ১২টি স্থানে মিছিল করেছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মিলে আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা বিভিন্ন স্থানে মিছিল করেছি। প্রহসনের বিচার করার জন্য অবৈধ আইসিটি ট্রাইবুনালের অন্যায়ের রায়ের বিরুদ্ধে আমরা গণ বিক্ষোভ করেছি। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে আমরা ঝটিকা মিছিল করেছি।’




