দিল্লিতে দাফন হওয়া আ. লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে দাফন হওয়া আ. লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্দার আড়ালের কিছু কথা অবমুক্ত করতে চান উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘আমি, আমার নেতা জনাব তারেক রহমান—দুজনই নির্বাসিত ছিলাম। আল্লাহর কী মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনো দিন আমরা ঘুমাইনি, ২৪টা ঘণ্টা কো-অর্ডিনেশন (সমন্বয়) করে আমাদের নেতা-কর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করে জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। ৩, ৪ তারিখ যখন আমরা নৈতিক সমর্থন দিই, তার পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা আন্দোলনে সমর্থন দিয়ে যেদিন আমরা ১৬ জুলাই পর্যন্ত পৌঁছালাম, সেদিন আমার নেতা বলেছেন, ‘‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ; অন্য কোনোভাবেই সমস্যার সমাধান হবে না’’।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে যাঁরা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাঁদের অনেকেই সেদিন বলেছিলেন, ‘‘আমাদের কোনো রাজনৈতিক দাবি নেই, আমাদের দাবি কোটাবৈষম্য দূর করতে হবে।’’ কিন্তু আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাঁদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে শত-সহস্র শহীদের রক্তের স্রোতের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছি। সেখানে রাজনৈতিক পরিচয়ে যদি বিভাজন করা হয়, তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে ছাত্রদল, যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।’