জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান জানাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এই স্মারক তুলে দেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এছাড়া শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, প্রতীকীভাবে কয়েকজন প্রতিনিধি স্মারক গ্রহণ করলেও জুলাই আন্দোলনের সব শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সম্মাননা সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়া হবে।




