ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণায় স্বর্ণের দামে ধস, তেলের বাজার উত্তাল – DesheBideshe

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণায় স্বর্ণের দামে ধস, তেলের বাজার উত্তাল – DesheBideshe


ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণায় স্বর্ণের দামে ধস, তেলের বাজার উত্তাল – DesheBideshe

তেহরান, ৮ জুলাই – ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করেছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে জ্বালানি তেলের বাজারে। সেখানে তেলের দাম হু হু করে বাড়ছে যা নতুন করে মুদ্রাস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯.৯২ ডলারে নেমে আসে। এটি গত ২ জুলাইয়ের পর সর্বনিম্ন দর।

এছাড়া আগামী আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২.৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯.৮০ ডলারে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর তেলের দাম এক লাফে ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবিএস এর বিশ্লেষক জিওভানি স্তাউনুভো রয়টার্সকে জানান যে তেলের দামের এই আকস্মিক লাফ নতুন করে মুদ্রাস্ফীতি তীব্র হওয়ার শঙ্কা তৈরি করেছে। এটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতিজনিত ক্ষতি মোকাবিলার হাতিয়ার হিসেবে বিবেচনা করা হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হলে এই মূল্যবান ধাতুর ওপর চাপ সৃষ্টি হয়।

বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণে এ বছর স্বর্ণের বাজার নিম্নমুখী হচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও স্বর্ণের দাম চাপের মুখে থাকবে বলে তিনি মনে করেন।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮.৪৫ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৪.১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৪.৯ শতাংশ কমেছে।

বর্তমানে বাংলাদেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএন/ ৮ জুলাই ২০২৬