বাংলাদেশের দর্শকদের উন্মাদনায় বিস্মিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি – DesheBideshe

বাংলাদেশের দর্শকদের উন্মাদনায় বিস্মিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি – DesheBideshe


বাংলাদেশের দর্শকদের উন্মাদনায় বিস্মিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি – DesheBideshe

আটলান্টা, ১৫ জুলাই – আটলান্টার সুবিশাল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সাংবাদিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ইংল্যান্ডের বেসক্যাম্প কানসাসে অনুশীলন শেষে আটলান্টা পৌঁছাতে দেরি হওয়ায় সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধা ঘণ্টা বিলম্বে শুরু হয়।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে ম্যাচের প্রস্তুতির পাশাপাশি দুই দলের ঐতিহাসিক লড়াই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়।

আধা ঘণ্টার এই সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে একজন বাংলাদেশি সাংবাদিক বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থনের কথা স্কালোনির সামনে তুলে ধরেন। কোনো কৌশলগত বিষয় নিয়ে প্রশ্ন না করে বাংলাদেশে আকাশী সাদা জার্সিধারীদের প্রতি মানুষের ভালোবাসা নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি ইতিবাচক উত্তর দেন। তিনি জানান, বাংলাদেশ থেকে আর্জেন্টিনাকে যেভাবে সমর্থন দেওয়া হয় তা সত্যিই বিস্ময়কর। এত দূর থেকে বিপুল সংখ্যক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে সমর্থন দেয় যা অসাধারণ ও সুন্দর একটি বিষয়।

স্কালোনি আশা প্রকাশ করেন যে আগামীকালের ম্যাচে তারা সমর্থকদের ভালো কিছু উপহার দিতে পারবেন।

দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা লক্ষ্য করা গেলেও ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে আসে। সে সময় স্কালোনি নিজেও বাংলাদেশের ভক্তদের নিয়ে মন্তব্য করেছিলেন।

এবারের টুর্নামেন্টেও এমিলিয়েনো মার্টিনেজ এবং ব্রুনো গিমারেস বাংলাদেশ নিয়ে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।

বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে না খেললেও বিশ্ব আসরে সমর্থকদের এই উন্মাদনা দেশটিকে পরোক্ষভাবে বিশ্বকাপের অংশ করে তুলেছে।

এনএন/ ১৫ জুলাই ২০২৬