ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর অসন্তুষ্ট জার্মানি, পুনর্নির্বাচনে সমর্থন দিতে অস্বীকৃতি – DesheBideshe

ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর অসন্তুষ্ট জার্মানি, পুনর্নির্বাচনে সমর্থন দিতে অস্বীকৃতি – DesheBideshe


ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর অসন্তুষ্ট জার্মানি, পুনর্নির্বাচনে সমর্থন দিতে অস্বীকৃতি – DesheBideshe

বার্লিন, ১৬ জুলাই – ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জার্মানি। ২০২৭ সালের ফিফা নির্বাচনকে সামনে রেখে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফবি সাফ জানিয়ে দিয়েছে যে তারা ইনফান্তিনোর সমর্থনে কোনো চিঠিতে সই করবে না। এই সিদ্ধান্তের ফলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ নেতৃত্বে ইনফান্তিনোর অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয় ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইনফান্তিনোর পুনর্নির্বাচন নিশ্চিত করতে ইউরোপের ১৬টি দেশের সমর্থন আদায়ের প্রক্রিয়া চলছিল। তবে ডিএফবি সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ সেই সমর্থনপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ডিএফবির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে তারা বর্তমান সভাপতির সমর্থনে কোনো চিঠিতে সই করেনি এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সংস্থার প্রেসিডিয়াম বিস্তারিত আলোচনা করবে।

সাম্প্রতিক সময়ে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে কেন্দ্র করে ফিফা ও উয়েফার মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। বিশ্বকাপে লাল কার্ড পাওয়ার পরও ফিফার শৃঙ্খলা কমিটি বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার সুযোগ করে দেয়। অভিযোগ উঠেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি অনুরোধ আসার পর ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও ফিফা ও ইনফান্তিনো এই অভিযোগ অস্বীকার করে একে অরাজনৈতিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন। তবে ডিএফবি সভাপতি নয়েনডর্ফ এই ঘটনাকে ধামাচাপা না দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

উয়েফা এই ঘটনাকে ফুটবল প্রশাসনের নীতিমালার চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। উয়েফার মতে এই সিদ্ধান্তের মাধ্যমে ফুটবলের নৈতিক সীমা অতিক্রম করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নৈতিকতা কমিশনেও ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ জমা পড়েছে। আফ্রিকা ও এশীয় অঞ্চলে ইনফান্তিনোর জোরালো সমর্থন থাকলেও ইউরোপীয় দেশগুলোর এই কঠোর অবস্থান আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

এনএন/ ১৬ জুলাই ২০২৬