ইংল্যান্ড বধের উল্লাসে আর্জেন্টিনার ব্যানারে ‘ফকল্যান্ড’ প্রসঙ্গ

ইংল্যান্ড বধের উল্লাসে আর্জেন্টিনার ব্যানারে ‘ফকল্যান্ড’ প্রসঙ্গ

ইংল্যান্ডকে হারানোর আনন্দে যখন নীল-সাদা জার্সিতে উচ্ছ্বাসে ভাসছিল আর্জেন্টিনা। তখনই সামনে এলো এক পুরোনো আবেগের বার্তা। ফাইনালের টিকিট নিশ্চিত করার রাতেই খেলোয়াড়দের উদযাপনের ব্যানারে দেখা গেল— ‘Las Malvinas son Argentinas’। অর্থাৎ, ‘মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপ আর্জেন্টিনার।’ মাঠের রোমাঞ্চকর জয়ের পর এই বার্তাই এখন জন্ম দিয়েছে নতুন আলোচনার।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর খেলোয়াড়রা যখন উদযাপনে মেতে ওঠেন। তখনই তাদের পেছনে দেখা যায় ওই ব্যানার। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি, শুরু হয় নানা আলোচনা।

মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের সার্বভৌমত্বের বিরোধ রয়েছে। আর্জেন্টিনা দ্বীপগুলোকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে। অন্যদিকে, যুক্তরাজ্য এগুলোকে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল হিসেবে দেখে। ১৯৮২ সালে এই দ্বীপকে ঘিরেই দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল।

আর্জেন্টিনার মানুষের কাছে মালভিনাস একটি গভীর আবেগের বিষয়। দেশটির জাতীয় পরিচয় ও ইতিহাসের সঙ্গে এই ইস্যু জড়িয়ে আছে। ফুটবলেও এর প্রভাব দেখা গেছে বিভিন্ন সময়ে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে যেখানে মাঠের লড়াইয়ের সঙ্গে ইতিহাসের আবেগও সামনে চলে আসে।

এর আগে বিভিন্ন সময় আর্জেন্টিনার ফুটবলে মালভিনাস ইস্যুতে বার্তা দেখা গেছে। সমর্থকদের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে এমন বার্তা উঠে আসায় বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।

আরও পড়ুনঃ হারের বেদনাতেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন

ইংল্যান্ডের বিপক্ষে জয় আর্জেন্টিনাকে নিয়ে গেছে বিশ্বকাপের ফাইনালে। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনের সেই রাতের ফুটবলীয় গল্পের পাশাপাশি উদযাপনের ব্যানারে লেখা ‘মালভিনাস’ বার্তাও এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।