এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট | চ্যানেল আই অনলাইন

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট | চ্যানেল আই অনলাইন

মহেশখালীর ভাসমান এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এতে চলমান গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের গ্রাহকরা গ্যাসের তীব্র সংকটে পড়েছেন। অনেক এলাকায় দিনের বেশির ভাগ সময়ই গ্যাসের চাপ কম থাকায় রান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে গ্যাসের স্বল্পচাপের কারণে নগরীর অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে যানবাহনে সিএনজি নিতে আসা চালকদের দুর্ভোগও বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ত্রুটি দ্রুত সমাধান করে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।