চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু – DesheBideshe

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু – DesheBideshe


চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু – DesheBideshe

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ জুলাই – চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি পণ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে নয়ন নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশের গুদামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন স্থানীয় হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামে আগুন লাগার খবর পেয়ে নয়নসহ স্থানীয় আরও কয়েকজন শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিন্তু আগুনের তীব্র তাপ এবং ঘন ধোঁয়ার কারণে নয়ন আর বের হয়ে আসতে পারেননি। তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারলেও নয়ন গুদামের ভেতরেই লুটিয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গুদামের ভেতর থেকে নয়নের নিথর মরদেহ উদ্ধার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ অগ্নিকাণ্ড ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং গুদামে থাকা মালামালের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এনএন/ ২৩ জুলাই ২০২৬