ফিটনেস পরীক্ষার আগেই শেষ হয়ে গেল মুস্তাফিজুর রহমানের দ্য হান্ড্রেড খেলার অপেক্ষা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, মুস্তাফিজের পরিবর্তে শিগগিরই নতুন একজন ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।
দ্য হান্ড্রেডে খেলতে পারলে ইতিহাস গড়ার সুযোগ ছিল মুস্তাফিজের। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে মাঠে নামার কথা ছিল তার। তবে চোটের কারণে শুরু থেকেই তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান মুস্তাফিজ। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, পুরোপুরি সুস্থ হতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।
প্রাথমিকভাবে বার্মিংহাম ফিনিক্স আশা প্রকাশ করেছিল, নির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন এই পেসার। এমনকি ইংল্যান্ডে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইংল্যান্ডে যেতে পারেননি।
পরে বার্মিংহাম ফিনিক্স এবং বিসিবির মেডিকেল বিভাগের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হয়, বাংলাদেশেই তার ফিটনেস পরীক্ষা সম্পন্ন করা হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, আগামী সোমবার মুস্তাফিজের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল।
তবে সেই পরীক্ষার আগেই টুর্নামেন্ট থেকে তার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের হয়ে দ্য হান্ড্রেডে প্রথমবারের মতো খেলার স্বপ্ন আপাতত অধরাই থেকে গেল মুস্তাফিজুর রহমানের।




