মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার, সেটা তিনি পাবেন। তার সুরক্ষার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) অন্যান্য সুবিধা ছয় মাসের জন্য পাবেন। পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সুবিধা পাবেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, তাঁকে ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা করছে সরকার। তাঁদের রয়্যাল কোর্ট আরও কিছু তথ্য চেয়েছে। সেসব তথ্য পাঠানো হবে।
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন রথযাত্রা ও উল্টোরথ দুটি অনুষ্ঠানই অত্যন্ত সুচারুভাবে শেষ হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের ওই আয়োজনের সঙ্গে বোমা পাওয়ার কোনো সম্পর্ক আছে বলে মনে করেন না মন্ত্রী।




