
ঢাকা, ২৬ জুলাই – ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী সোমবার ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি চূড়ান্ত করেছে। নিবন্ধনের এই কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
রবিবারে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। তবে এর আগে হজযাত্রীদের অবশ্যই ৩০ হাজার টাকা দিয়ে প্রাক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজের প্যাকেজ মূল্যের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই হজ সিস্টেমের ওয়েবসাইটের মাধ্যমে নিজেরাই ইউজার তৈরি করে নিবন্ধন করতে পারবেন।
এছাড়া সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়, জেলা ও উপজেলার মডেল মসজিদ এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি মাধ্যমের হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
অন্যদিকে বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। হজের স্বাস্থ্যবিধি ও নিয়মানুযায়ী ২০২৭ সালে ১৫ বছরের কম বয়সী কেউ হজে অংশ নিতে পারবেন না।
এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির গুরুতর সমস্যায় আক্রান্ত ব্যক্তি এবং মানসিক ব্যাধি বা ডিমনেশিয়া রোগীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। যারা বর্তমানে কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীদেরও নিবন্ধনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ এবং গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকা নারীরাও হজের ফিটনেস সনদ পাবেন না। হজে গমনেচ্ছুদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।
এস এম/ ২৬ জুলাই ২০২৬






