
ঢাকা, ২৬ জুলাই – সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর তোলা অভিযোগগুলো আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, মোহাম্মদ সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালন করেছেন।
রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ সুবিধা তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের বিধান রয়েছে এবং স্পিকার সেটি গ্রহণ করেছেন। পুরো বিষয়টিই একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের কথা বলা বা প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে। বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে, কিন্তু সেখানে সরকার গুরুত্ব দেওয়ার মতো কিছু খুঁজে পায়নি।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসরণ করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আইনি সুরক্ষা বা ইমিউনিটি রয়েছে, যার ফলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না।
লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের সংবাদের কোনো তথ্যপ্রমাণ সরকারের কাছে নেই। বর্তমান প্রযুক্তির যুগে কারো সাথে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।
রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নিজস্ব গতিতে চলবে বলেও তিনি উল্লেখ করেন।
এনএন/ ২৬ জুলাই ২০২৬






