যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল পরিচালনা করেছিলেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর অবসরে গেলেন ৪৬ বর্ষী এ রেফারি।
স্লোভেনিয়ান রেফারি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মারমুখী খেলা পরিচালনায় ব্যবস্থা নিলেও, স্পেনকে কোন কার্ড না দেখিয়ে সমালোচনার মুখোমুখী হন। ম্যাচে অতিরিক্ত সময়ে ফেররান তরেসের গোলে ১-০তে জিতে বিশ্বকাপ নিজেদের করে নেয় স্পেন।
ভিনচিচের অবসর ঘোষণার বিবৃতিতে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর, স্লাভকো ভিনচিচ বিশ্বের শীর্ষ পর্যায়ে থেকে ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টেনেছেন।’
ভিনচিচকে বিশ্বকাপ ফুটবলের সেরা রেফারি হিসেবে মনোনীত করে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স’ (আইএফএফএইচএস) এবং ‘অ্যাসোসিয়েশন অব ইতালিয়ান রেফারি’ (এআইএ), যারা প্রতিটি বিশ্বকাপ বা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেরা ম্যাচ পরিচালনাকারীকে দ্বিবার্ষিক ‘জুলিও ক্যাম্পানাটি অ্যাওয়ার্ড’ প্রদান করে থাকে।
২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারি দলের সদস্য ভিনচিচ। ইউরো ২০২০-এ ম্যাচ পরিচালনা করেছেন, স্পেন ও ইতালির মধ্যকার ২০২৪ সেমিফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন।
এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ পরিচালনা করেন ভিনচিচ। গ্রুপপর্বে ব্রাজিল-মরক্কোর ম্যাচ অন্যতম। মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচে মুখ ঢেকে কথা বলায় ইকুয়েডরের পিয়েরো হিনকেপিকে লাল কার্ড দিয়েছিলেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার এনজো ফের্নান্দেজকেও লাল কার্ড দিয়েছিলেন তিনি।





