মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব | চ্যানেল আই অনলাইন

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব | চ্যানেল আই অনলাইন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) হাসিনা রহমান। বৈঠকে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।

বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জরুরি স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ-পূর্ব ও দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহান মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাশে থাকার জন্য আইআরসিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শুধু দেশের দক্ষিণাঞ্চল নয়, সারা দেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী ও শিশু উন্নয়নে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এসব কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

বাংলাদেশের নারীদের কেয়ার ইকোনমিতে আরও বেশি সম্পৃক্ত করতে প্রশিক্ষণ কার্যক্রমে আইআরসির সহযোগিতা কামনা করেন মন্ত্রী। এ বিষয়ে আইআরসির প্রতিনিধি ইতিবাচক সাড়া দেন।

আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান সামাজিক সুরক্ষায় বাংলাদেশের সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে প্রয়োজন হলে আইআরসি কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে হাসিনা রহমান বিশ্বের বিভিন্ন দেশে আইআরসির পরিচালিত মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগণের জন্যও আইআরসির বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন।