প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কক্সবাজারকে দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
ব্রিফিংয়ে ডা. জাহিদ উর রহমান বলেন, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত।
জুলাই অভ্যুত্থানে স্নাইপার ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় স্নাইপার দিয়ে ৭.৬২ মিলিমিটার বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশই বলে দাবি করেন তিনি।




