‘নয়ি জিন্দেগী’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতন ভালো নেই।
প্রায় চারশো সিনেমায় অভিনয় করা এই অভিনেতা সম্প্রতি হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২২ জুলাই তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে নিশ্চিত করেছেন রতন। অসুস্থ অবস্থায় চলচ্চিত্রের কেউ খোঁজ না নিলেও চিত্রনায়িকা রঞ্জিতা ও রুমানা ইসলাম মুক্তি নিয়মিত খোঁজ রাখছেন তার।
সেইসঙ্গে আনোয়ারা কন্যা মুক্তি রতনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানান ফাইটার রতন। তিনি বলেন, এই খারাপ সময়ে আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছে চিত্রনায়িকা মুক্তি। নিয়মিত খোঁজ খবর রাখা ও আমার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে।
রতন বলেন, আমার অসুস্থতার খবরে চলচ্চিত্রের আর কোনো মানুষ খোঁজ নেয়নি। অথচ আমি প্রায় ৪০০ সিনেমায় কাজ করেছি। গুটি কয়েক মানুষ ছাড়া চলচ্চিত্রের অধিকাংশই স্বার্থপর। খুব কষ্টে আজ কথাগুলো বলতে হলো৷
এই অভিনেতা আরো বলেন, কয়েক দিন আগে হঠাৎ করেই বুকে তীব্র বুকে নিয়ে হাসপাতালে ভর্তি হন ফাইটার রতন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং তার জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন।
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও, পর্দার পেছনের এই কর্মীদের অর্থনৈতিক অবস্থা বরাবরই অনিশ্চিত থাকে। রতনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ এই চিকিৎসার বিশাল খরচের বোঝা বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়ে।
একদিকে হাসপাতালের আইসিইউর ক্রমবর্ধমান বিল, অন্যদিকে ওষুধের খরচ—সব মিলিয়ে এক চরম দিশেহারা পরিস্থিতির মুখোমুখি হয় রতনের পরিবার।
নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনের অসচ্ছল ও অসহায় সহকর্মীদের পাশে নানা মানবিক কাজে যুক্ত রয়েছেন। করোনা মহামারি, বন্যার সময়, শীত মৌসুম, ঈদসহ নানা সংকটের সময় নিয়মিত তিনি নানা সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
মুক্তি বলেন, আমাদের জীবনটা শুধু নিজেদের জন্য নয়, আমাদের চারপাশে যারা আছেন, তাদের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। আমি সবসময় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের যে সামর্থ্য দিয়েছেন, তা কেবল নিজেদের সুন্দরভাবে রাখার জন্য নয়, বরং বিপদে অন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চলচ্চিত্র শিল্প আমার পরিবার। আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের সবটুকু দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে।
মুক্তি আরও বলেন, আমি মনে করি, শিল্পী পরিচয়ের চেয়ে একজন ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি।
রুপালি পর্দায় রতনের প্রতিটি মারপিটের দৃশ্য দর্শকদের রোমাঞ্চিত করতো। নায়কের এক ঘুষিতে ভিলেনের উড়ে যাওয়া কিংবা খলনায়কের অতর্কিত আক্রমণ থেকে নায়ককে বাঁচানোর মতো চোখধাঁধানো সব অ্যাকশন স্ট্যান্টের নেপথ্য কারিগর তিনি।
চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর রতন—চলচ্চিত্র অঙ্গনে যিনি ‘ফাইটার রতন’ নামেই পরিচিত। রতন অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চোর, দাপট, নরম গরম, আপোষ, বিধাতা, আঞ্জুমান, সন্দী, মর্জিনা, গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, আমি ডন, রাজকপাল, আলতা বানু ইত্যাদি।





