সময় চক্রের কথা বললে ১৯৯৩ সালের সিনেমা ‘গ্রাউন্ডহগ ডে’র নাম প্রথমে আসবে, যেখানে মূল চরিত্রটি একটি নির্দিষ্ট দিনেই বারবার আটকে যায়। এ ছাড়া টম ক্রুজের সাই-ফাই সিনেমা ‘এজ অব টুমরো’তে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধে প্রতিবার মারা গিয়ে একই দিনের শুরুতে ফিরে আসার গল্প দেখা যায়। ‘বডিজ’ সিরিজে দেখা যায়, ডেফো নামের এক বিজ্ঞানী অতীতে ভ্রমণ করতে গিয়ে চারটি ভিন্ন ভিন্ন সময়ে চলে যায়। একজন মানুষ চারটি ভিন্ন সময়ে চলে গেল! এটা কি আদৌ সম্ভব! এলোমেলো গল্প ছাড়া আপনার কাছে কিছুই মনে হবে না। কিন্তু পরিচালক এতটাই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন যে আপনি ভুলেই যাবেন, এটা বাস্তবে অসম্ভব।
টাইম ট্রাভেলের আলোচনা এলে দুটি বিখ্যাত যৌক্তিক গোলকধাঁধা বা ‘প্যারাডক্স’ উঠে আসে। একটি গ্র্যান্ডফাদার প্যারাডক্স ও আরেকটি বুটস্ট্র্যাপ প্যারাডক্স।
গ্র্যান্ডফাদার প্যারাডক্স: আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদা-দাদির অথবা নানা-নানির বিয়ে বন্ধ করে দেন, তবে আপনার মা–বাবার জন্ম হবে না। ফলে আপনারও জন্ম হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা ঘটে এ জায়গাতেই। আপনার জন্মই যদি না হয়, তবে অতীতে গিয়ে তাদের বিয়ে বন্ধ করল কে? কী, মাথা ঘুরে যাচ্ছে? ঘুরাটা স্বাভাবিক।




