মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে সাগর আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনু (৪১)কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইর পুলিশ সুপার জয়িতা শিল্পী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। দুই দিন পর, ২৯ জুলাই দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানিতে ভাসমান একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাগরের বলে শনাক্ত করেন।
পিবিআইর তদন্তে জানা যায়, ঘটনার রাতে সাগর ও তার বন্ধু স্বাধীন মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়া ঘাট এলাকায় যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস বহনের অভিযোগ তোলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আতঙ্কিত হয়ে সাগর দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, সাগরের বন্ধু স্বাধীনকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআইর পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, আসামিদের অবৈধভাবে আটক, ভয়ভীতি প্রদর্শন এবং দায়িত্বহীন আচরণের কারণেই সাগর নদীতে ঝাঁপ দিতে বাধ্য হন এবং পানিতে ডুবে তার মৃত্যু ঘটে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।
The post মাদক-সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার appeared first on ZoomBangla.




